২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম হয়ে অমুসলিম দেশে বসবাস নিয়ে ইসলামের বিধান জানালেন আজহারী

অমুসলিম দেশে মুসলমানদের বসবাসের বিধান ও করণীয় নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।

ভিডিও বার্তায় আজহারী বলেন, কোনো মুসলিম যদি অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাস করতে চান, তাহলে তার মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার নিয়ত থাকতে হবে। তবে চিকিৎসা, পড়াশোনা বা ভ্রমণের মতো অস্থায়ী অবস্থানের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয়।

তিনি উল্লেখ করেন, অমুসলিম দেশে বসবাস প্রসঙ্গে রাসুল (সা.) কঠোর সতর্কতা উচ্চারণ করেছেন। তবে একজন মুসলিম তখনই এ সতর্কতা থেকে মুক্তি পেতে পারেন, যখন তিনি অমুসলিমদের মাঝে ইসলামের আদর্শ, মূল্যবোধ ও চেতনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।

দাওয়াতের ক্ষেত্রে দুর্বলতার কথাও তুলে ধরেন এই ইসলামি বক্তা। তিনি বলেন, যথাযথ উপস্থাপনার অভাবে মুসলমানরা অনেক সময় ইসলামের বাণী বিশ্বে ছড়িয়ে দিতে ব্যর্থ হন। বিপরীতে, অন্য মতাদর্শগুলো আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হওয়ায় মানুষ সেগুলোর প্রতি বেশি আকৃষ্ট হয়। এ জন্য দাওয়াতের সঠিক পদ্ধতি জানা জরুরি বলে তিনি মত দেন।

অমুসলিম দেশে বসবাসরত মুসলমানদের আচরণ নিয়েও গুরুত্বারোপ করেন আজহারী। তিনি বলেন, মুসলমানদের আচরণ দেখে অন্যরা ইসলাম সম্পর্কে ধারণা পায়। তাই মিথ্যা বলা, প্রতারণা বা অনৈতিক কাজ থেকে বিরত থেকে একজন দায়িত্বশীল মুসলিম হিসেবে জীবনযাপন করা প্রয়োজন।

ইসলামের মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, মুসলমানদের সম্মান ইসলামের মধ্যেই নিহিত। ইসলাম ছাড়া অন্য কোথাও সম্মান খুঁজলে তা টেকসই হবে না। তিনি কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়।

ভিডিও বার্তার শেষাংশে তিনি মুসলমানদের শরিয়ত মেনে চলা, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন এবং সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান।

Home R3