জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে কড়া ভাষায় সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খাঁন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে নাসীরুদ্দীনের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি প্রশ্ন তোলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্যতা রাখেন?”রাজনৈতিক পডকাস্ট সিরিজ
গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, সম্প্রতি একজন রাজনৈতিক নেতা মন্তব্য করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিত্ব পাওয়ারও যোগ্য নন, রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নই আসে না। এ বক্তব্যের জবাবে তিনি বলেন, “যিনি এমন মন্তব্য করেছেন, তিনি নিজেই মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখেন কি না, সেটিই আগে বিবেচনা করা উচিত।”
তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে অযৌক্তিক ও ব্যক্তিগত আক্রমণনির্ভর বক্তব্যের সংস্কৃতি পরিহার করা প্রয়োজন। তাঁর ভাষায়, “ফালতু কথাবার্তা, ভণ্ডামি ও নোংরা রাজনৈতিক সংস্কৃতি বন্ধ করতে হবে। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা যেন শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রেখে প্রকাশ করা হয়।”
.বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, সরকারবিরোধী সমালোচনা গণতন্ত্রের অংশ হলেও মিথ্যাচার, অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা থেকে বিরত থাকা উচিত। জাতীয় স্বার্থে বিভাজনের পরিবর্তে রাজনৈতিক ঐক্য ও গঠনমূলক সংলাপের ওপর গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান তিনি।
সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা দাবি করেন, বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কারণে সাধারণ মানুষের আস্থা বেড়েছে।
.তিনি বলেন, প্রধানমন্ত্রী বিনয়, সহমর্মিতা ও জনসম্পৃক্ততার যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলছেন, তা ইতিবাচক সাড়া ফেলেছে। উদাহরণ হিসেবে তিনি সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরাসরি প্রধানমন্ত্রীর কাছে দাবি-দাওয়া তুলে ধরার সুযোগ এবং সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে সচিবালয়ে বিভিন্ন খাতে ব্যয় কমানোর উদ্যোগের কথা উল্লেখ করেন।