১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাত্র ১৩৫ দিনে পবিত্র কুরআন মুখস্থ করল ৮ বছরের সাজিদ

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাত্র ১৩৫ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছে ৮ বছর বয়সী সাজিদুর রহমান সাজিদ।

সাজিদ উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা গ্রামের বাসিন্দা আনিছুর রহমানের ছেলে। সে আমুয়াকান্দা বাজার জামে মসজিদ হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী।

মাদরাসা সূত্রে জানা যায়, চলতি বছরের ১ এপ্রিল পবিত্র কোরআন হিফজ শুরু করে সাজিদ। এরপর টানা ১৩৫ দিন অধ্যবসায়, মনোযোগ ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে হিফজের পাঠ চালিয়ে যায় সে। অবশেষে গত ৭ সেপ্টেম্বর পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ সম্পন্ন করে ৮ বছর বয়সেই হাফেজ হওয়ার গৌরব অর্জন করে।

মাত্র চার মাসের কিছু বেশি সময়ে সম্পূর্ণ কোরআন মুখস্থ করার এ অর্জনকে প্রশংসনীয় ও বিরল কৃতিত্ব হিসেবে দেখছেন মাদরাসার শিক্ষকরা। তাদের মতে, সাজিদের একাগ্রতা, নিয়মিত অনুশীলন এবং শিক্ষকদের নিবিড় দিকনির্দেশনার ফলেই এত অল্প সময়ে তার এ সাফল্য এসেছে।

সাজিদের সাফল্য উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদরাসার শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা ফুল দিয়ে সাজিদকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং দ্বীনি শিক্ষায় আরও সাফল্য কামনা করেন তারা।

Home R3