১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে চীনা সেনাবাহিনীর অনুপ্রবেশ ও বিস্তীর্ণ এলাকা দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি আদিবাসী সংগঠন দাবি করেছে, চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে স্থায়ী সামরিক ঘাঁটি ও অবকাঠামো গড়ে তুলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, আপার সুবনসিরি জেলার সীমান্তবর্তী এলাকায় ‘নাহ’ আদিবাসীদের সংগঠন অভিযোগ করেছে—গত কয়েক বছরে তাদের চারণভূমি, কৃষিজমি ও বনজ সম্পদের ওপর চীনা বাহিনী কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ফলে স্থানীয়দের জীবন-জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

নাহ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরু চাদের জেলা প্রশাসনের কাছে দেওয়া এক স্মারকলিপিতে জানান, অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় চীনা বাহিনী প্রবেশ করে সড়ক ও স্থায়ী স্থাপনা নির্মাণ করেছে। এসব স্থানের মধ্যে আসফিলা, মারপান, পোত্রাং ও টিনডিংতাং উল্লেখযোগ্য। স্থানীয়দের দাবি, কিছু এলাকা তাদের জন্য পবিত্র হিসেবেও বিবেচিত।

কেরু চাদের অভিযোগ করেন, প্রায় এক দশক ধরে মাঝে মধ্যে চীনা সেনারা ওই এলাকায় প্রবেশ করলেও ২০২০ সাল থেকে তারা স্থায়ীভাবে অবস্থান নিতে শুরু করে এবং স্থানীয়দের প্রবেশে বাধা দেয়।

এ বিষয়ে স্থানীয় বিধায়ক নাকাপ নালো বলেন, বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।

তবে ভারতীয় সেনাবাহিনী এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, অরুণাচল প্রদেশে চীনা সেনা অনুপ্রবেশ ও ঘাঁটি স্থাপনের খবর ‘ভুল ও ভিত্তিহীন’। এখন পর্যন্ত অরুণাচল প্রদেশ সরকার বা জেলা প্রশাসনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে লাদাখ অঞ্চলেও চীনা সেনাবাহিনীর অনুপ্রবেশ নিয়ে একই ধরনের অভিযোগ উঠেছিল, যদিও সে সময় ভারত সরকার তা নাকচ করেছিল।

Home R3