২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাধা উপেক্ষা করে বোরকা পরেই পরীক্ষায় অংশ নিলেন কুলসুম বানো

ভারতের রাজস্থানের আজমিরে সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা উপলক্ষে এক মুসলিম শিক্ষার্থীকে কেন্দ্র করে আলোচিত ঘটনা ঘটেছে। বোরকা খুলতে বলা হলেও তা অস্বীকার করে শেষ পর্যন্ত ধর্মীয় পোশাক পরেই পরীক্ষায় অংশ নিয়েছেন কুলসুম বানো।

রোববার (২১ জুন) পুনঃনির্ধারিত পরীক্ষায় অংশ নিতে বেওয়ার থেকে আজমিরের একটি কেন্দ্রে যান তিনি। তবে প্রবেশপথে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে বোরকা ও ওড়না খুলে ভেতরে প্রবেশ করতে বলেন।

এতে আপত্তি জানিয়ে কুলসুম বলেন, তিনি আগেও একই পোশাকে পরীক্ষা দিয়েছেন এবং ধর্মীয় পরিচয় তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট করে জানান, বোরকা খুলে পরীক্ষা দেওয়ার চেয়ে পরীক্ষা না দেওয়াই তার কাছে গ্রহণযোগ্য।

এ সময় তার বাবা মোহাম্মদ আলিম কেন্দ্র কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট নির্দেশিকার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ধর্মীয় পোশাক পরে পরীক্ষা দেওয়ার অনুমতি রয়েছে এবং প্রয়োজনে আলাদা কক্ষে নারী কর্মীর মাধ্যমে তল্লাশি করা যেতে পারে।

ঘটনাটি ছড়িয়ে পড়লে কেন্দ্রের বাইরে উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শেষ পর্যন্ত সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী কুলসুম বানোকে বোরকা পরেই পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পোশাকবিধি বাস্তবায়ন নিয়ে কিছু বিভ্রান্তির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যা পরে সমাধান করা হয়েছে।

Home R3