দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত এক জরিপে দেখা গেছে, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের নাগরিকদের ইতিবাচক মনোভাব সবচেয়ে বেশি, আর এই তালিকায় ভারতের অবস্থান উল্লেখযোগ্যভাবে কম। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক খ্যাতিমান গবেষণা প্রতিষ্ঠান ‘পিউ রিসার্চ সেন্টার’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
জরিপের ফলাফল অনুযায়ী, পাকিস্তানের ৬৬ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক বাংলাদেশের প্রতি অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করেন। দ্বিতীয় অবস্থানে থাকা শ্রীলঙ্কার ৫৬ শতাংশ মানুষ বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা রাখেন। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের পর থেকে শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচক ধারণা অন্তত ৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, ভারতে বাংলাদেশের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলনামূলকভাবে অনেকটাই কম। দেশটির মাত্র ২৫ শতাংশ নাগরিক বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। গবেষণায় দেখা যায়, ২০২৪ সালের পর থেকে ভারতে বাংলাদেশের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আরও ১০ পয়েন্ট হ্রাস পেয়েছে।
প্রতিবেদনে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দৃষ্টিভঙ্গির স্পষ্ট ফারাক লক্ষ্য করা গেছে। ভারতে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীদের তুলনায় মুসলিমদের মধ্যে বাংলাদেশ নিয়ে ইতিবাচক মনোভাব অনেক বেশি। ভারতীয় মুসলিমদের ৪১ শতাংশ বাংলাদেশের প্রতি ভালো ধারণা রাখলেও হিন্দু নাগরিকদের ক্ষেত্রে এই হার মাত্র ২৩ শতাংশ।
পিউ রিসার্চের বিশ্লেষণে বলা হয়েছে, দক্ষিণ এশীয় দেশগুলোর নাগরিকদের বয়স, শিক্ষা ও ধর্মীয় পরিচয়ের ভিন্নতাই প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি এমন বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি গড়ে ওঠার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করছে।