হ্যান্ডবলের উন্নয়ন, জাতীয় দলের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে পর্তুগিজ কোচ ফার্নান্দো মিগুয়েল ডি অলিভেইরা নুনেসকে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।
আগামী ১ নভেম্বর ডেনমার্কের কোপেনহেগেন থেকে বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন এই কোচ।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে তিনি আগামী ১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের উন্নত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন। বিশেষ করে ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত কাজাখস্তানের আলমাতিতে অনুষ্ঠিতব্য ২১তম এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবল দলের প্রস্তুতি ও প্রশিক্ষণের দায়িত্ব পালন করবেন।
ফার্নান্দো মিগুয়েল পর্তুগাল জাতীয় দলের হয়ে ৭০টি আন্তর্জাতিক সিনিয়র ম্যাচে অংশগ্রহণ করেছেন। তাঁর খেলোয়াড়ি জীবনে উল্লেখযোগ্য আন্তর্জাতিক অর্জনের মধ্যে রয়েছে ১৯৯২ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইউরোপীয় অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক, ১৯৯১ সালে পর্তুগালে লাতিন কাপ চ্যাম্পিয়নশিপ অর্জন এবং ১৯৯৫ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক লাভ।
ক্রীড়ায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পর্তুগিজ সরকারের ক্রীড়া মেধা পদকেও ভূষিত হন।