১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

বর্তমান কাঠামোতে কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: মুফতি ফয়জুল করীম

বর্তমান কাঠামোতে কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: মুফতি ফয়জুল করীম

বাংলাদেশে বর্তমান কাঠামোতে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না বলে মন্তব্য করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রংপুর টাউন হলে মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মুফতি ফয়জুল করীম বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— ৬ মাসে দেশে ঘুষ-দুর্নীতি বন্ধ করা যায়নি। কিন্তু আমি বলছি, এভাবে বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম।”

একমাত্র ইসলামি শাসনব্যবস্থাই দেশের ভাগ্য পরিবর্তন করতে পারে উল্লেখ করে তিনি বলেন, “ইসলামী হুকুমাত কায়েম হলেই কেবল মানুষের প্রকৃত অধিকার বাস্তবায়ন সম্ভব। এটি অর্জিত হলে আগামী ১০ বছরের মধ্যে দেশের সমস্ত গরিব মানুষ দরিদ্রসীমার ওপরে উঠে আসবে। নারীদের ইজ্জত রক্ষা পাবে এবং তাঁরা সমঅধিকার নয়, বরং ন্যায্য অধিকার পাবেন।”

অতীতের রাজনৈতিক অবস্থান তুলে ধরে চরমোনাইয়ের নায়েবে আমীর বলেন, “আমরা নির্বাচনের আগে কোরআনের পক্ষে একটি নির্বাচনের ব্যবস্থা করেছিলাম, যার নেতৃত্বে ছিলেন পীর সাহেব চরমোনাই। আমাদের কাফেলা সাহসের সাথে এগোচ্ছিল ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু হঠাৎ করে দেখি কাফেলার গতিপথ বদলে মদিনা থেকে আমেরিকার দিকে চলে যাচ্ছে। সেই কারণেই আমরা সেই জোট ত্যাগ করেছিলাম। আমরা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারি, কিন্তু ক্ষমতার লোভের জন্য ইসলাম ত্যাগ করতে পারি না।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার। এতে আরও বক্তব্য দেন জেলা শাখার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু ও সাধারণ সম্পাদক মুহা. মাহমুদুর রহমান রিপন সরকারসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

Home R3