২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্যার্তদের মাঝে আন-নূর যুব কাফেলার আর্থিক সহায়তা প্রদান

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেছে ফেনী সদরের আন-নূর যুব কাফেলা।

শনিবার (২৫ জুলাই) আয়োজিত এ কর্মসূচির শুরুতে সংগঠনের সম্মানিত সভাপতি মুফতি আবদুল কাইয়ুম ছোহাইল দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, বরং ইসলামের শিক্ষা ও ঈমানের দাবি। তিনি সমাজের বিত্তবান, দানশীল ও সামর্থ্যবান মানুষদের বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান এবং তাৎক্ষণিক ত্রাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও ঘরবাড়ি পুনর্নির্মাণে দীর্ঘমেয়াদি সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্য শেষে সংগঠনের প্রতিনিধি দল বাঁশখালীর বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ৩০টি বন্যাকবলিত পরিবারের মাঝে জনপ্রতি ২,০০০ টাকা করে মোট ৬০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়াও বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ৫টি বসতঘর সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট পরিবারগুলোকেও বিশেষ অনুদান প্রদান করা হয়।

পরিদর্শন শেষে প্রতিনিধি দল জানায়, বাস্তবে ক্ষতিগ্রস্ত এলাকার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে নিম্নাঞ্চলের বহু ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক পরিবার এখনও মানবেতর জীবনযাপন করছে। এলাকার অভ্যন্তরের অনেক স্থানে এখনো পর্যাপ্ত ত্রাণ ও আর্থিক সহায়তা পৌঁছায়নি। বাস্তব পরিস্থিতি পূর্বধারণার চেয়েও অনেক বেশি ভয়াবহ বলে তারা উল্লেখ করেন।

আন-নূর যুব কাফেলার পক্ষ থেকে দেশের সকল বিত্তবান, দানশীল ও মানবিক মানুষকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। সংগঠনটি জানায়, কেবল খাদ্য সহায়তা নয়, ক্ষতিগ্রস্ত মানুষের স্থায়ী পুনর্বাসন এবং বসতঘর পুনর্নির্মাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “মানবতার এই কঠিন সময়ে আমাদের সম্মিলিত সহযোগিতাই পারে অসহায় মানুষের মুখে আবারও হাসি ফিরিয়ে আনতে।”

Home R3