পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পৃথক সন্ত্রাসী হামলায় সেনা ও পুলিশ সদস্যসহ অন্তত ৪২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
বুধবার (৮ জুলাই) এক টেলিভিশন সংবাদ সম্মেলনে সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, সোমবার (৬ জুলাই) থেকে সংঘটিত ধারাবাহিক হামলায় নিহতদের মধ্যে ১৮ জন পুলিশ কর্মকর্তা, ১১ জন সেনাসদস্য এবং চারজন বেসামরিক নাগরিক রয়েছেন।
তিনি আরও জানান, এসব ঘটনার জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। হামলার সঙ্গে “অনেক আফগান নাগরিক” জড়িত থাকার দাবি করে তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, নিহত ১৮ পুলিশ কর্মকর্তাকে সোমবার অপহরণের পর হত্যা করা হয়। তারা বেলুচিস্তানের জিয়ারত জেলায় মাঙ্গি বাঁধ প্রকল্পে দায়িত্ব পালন করছিলেন। একই হামলায় আরও নয়জন কর্মকর্তা নিহত হন।
এছাড়া বুধবার একটি মহাসড়কে সেনাবাহিনীর একটি গাড়িতে অতর্কিত হামলায় ১১ জন সেনাসদস্য নিহত হন বলে জানান সামরিক মুখপাত্র।
আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান দীর্ঘদিন ধরে সহিংসতার কেন্দ্রস্থল। খনিজসম্পদসমৃদ্ধ এই অঞ্চলে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নিয়মিত হামলা চালিয়ে আসছে।
পাকিস্তানের অভিযোগ, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আফগানিস্তানের মাটি ব্যবহার করে হামলা চালাচ্ছে। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করেছে।