১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পর্তুগালে বাংলাদেশি কর্মীদের আবেদন প্রক্রিয়া সাময়িক স্থগিত!

পর্তুগালে নিয়ন্ত্রিত শ্রম অভিবাসন সংক্রান্ত সহযোগিতা প্রটোকল (পিসিএমএলআর) বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ও গিনি-বিসাউয়ের কর্মীদের আবেদন প্রক্রিয়াকরণ ও যাচাই-বাছাই সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির জাতীয় নির্মাণ ও গণপূর্ত শিল্পপতিদের সমিতি (AICCOPN)।

গিনি-বিসাউয়ের ক্ষেত্রে পিসিএমএলআর বাস্তবায়নের কার্যক্রম পর্যবেক্ষণের সময় সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনার ভিত্তিতে আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

বাংলাদেশের ক্ষেত্রে আবেদন যাচাই ও বিশ্লেষণ স্থগিতের কারণ হিসেবে পিসিএমএলআর-এর আওতায় থাকা প্রক্রিয়াগুলো আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করার উদ্যোগের কথা জানিয়েছে AICCOPN। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সংগঠনটি।

সংগঠনটি বলেছে, চলমান এই উদ্যোগের লক্ষ্য হলো শ্রম অভিবাসনের এই ব্যবস্থা সঠিকভাবে বাস্তবায়ন করা এবং পুরো প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ ও নিরাপদ করা।

তারা আরও জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে পরিস্থিতির অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। আবেদন প্রক্রিয়া পুনরায় কবে শুরু হবে, সে বিষয়ে যথাসময়ে জানানো হবে।

সংশ্লিষ্ট খাত ও সদস্য প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষা এবং পিসিএমএলআর-এর সঠিক বাস্তবায়নে AICCOPN তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Home R3