২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৬ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

ঢাকাসহ দেশের ১৬টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সতর্কবার্তাটি বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর থাকবে। এ সময় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পাশাপাশি নদী ও উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঝড়ো আবহাওয়ায় বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Home R3