কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে মুসলিম আলেম ও সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
তিনি সতর্ক করে বলেন, প্রযুক্তিতে পিছিয়ে পড়লে মুসলিম সমাজ আবারও বাইরের শক্তির প্রভাব ও আধিপত্যের শিকার হতে পারে।
সম্প্রতি দক্ষিণ ভারতের কেরালার কোঝিকোড়ে শেখ আবুবকর ফাউন্ডেশনের প্রথম ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ গ্রহণের পর আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভারতের গ্র্যান্ড মুফতি কান্থাপুরাম এ পি আবুবকর মুসলিয়ার তার হাতে এ সম্মাননা তুলে দেন।
আনোয়ার ইব্রাহিম বলেন, “জ্ঞান ছাড়া আমরা ব্যর্থ হব। কৃত্রিম বুদ্ধিমত্তা বুঝতে না পারলে আমরা আবারও উপনিবেশে পরিণত হব।”
তিনি বলেন, আধুনিক প্রযুক্তি, নতুন বিজ্ঞান, ডিজিটাল রূপান্তর ও এআই সম্পর্কে আলেমদের পরিষ্কার ধারণা থাকা জরুরি। তবে প্রযুক্তির অগ্রগতি যেন ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের ক্ষতি না করে, সেদিকেও সতর্ক থাকতে হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি