১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

গ্যাস-বিদ্যুৎ সংকট রাতারাতি মিটবে না, সময় লাগবে ন্যূনতম দুই বছর: অর্থমন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ সংকট রাতারাতি মিটবে না, সময় লাগবে ন্যূনতম দুই বছর: অর্থমন্ত্রী

বাংলাদেশে চলমান গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট রাতারাতি মিটবে না এবং এই সমস্যা পুরোপুরি সমাধানে ন্যূনতম দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দীর্ঘদিন গ্যাস অনুসন্ধান না করার কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা ছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা কোনোভাবেই সম্ভব নয়। তবে একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করতেও অন্তত দেড় থেকে দুই বছর সময় লাগে। ফলে আগামী ২৪ মাসের আগে এই সংকটের স্থায়ী সমাধান মিলবে না।

সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, সরকার ইতোমধ্যে সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করছে। নতুন করে গ্যাস অনুসন্ধান কার্যক্রম, সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি নতুন জ্বালানি নীতি প্রকাশ করা হবে, যা ভবিষ্যৎ দিকনির্দেশনা দেবে। তবে সংকট নিরসনের মধ্যবর্তী এই সময়টাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রাজস্ব ও আর্থিক খাত সংস্কার প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, সরকারের রাজস্ব আদায় বাড়াতে নীতি নির্ধারণ ও বাস্তবায়ন বিভাগকে আলাদা করা হবে। ছোট ব্যবসায়ীদের সুবিধার জন্য নির্ধারিত হারে কর নির্ধারণের পরিকল্পনা চলছে এবং এর আওতায় একটি সমন্বিত তথ্যভান্ডার গড়ে তোলা হচ্ছে। এ ছাড়া ব্যাংক খাতের বিশাল মূলধন ঘাটতি সরকারের পক্ষে এককভাবে মেটানো সম্ভব নয় বিধায় বিকল্প অর্থায়নের প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

Home R3