২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন অভিনেতা জিয়ানকার্লো

মার্কিন টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন। সেখানেই তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান তুর্কি আল-শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তার ভাষ্য অনুযায়ী, এস্পোসিতো শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। তিনি একটি মসজিদে সহকর্মীদের সঙ্গে নামাজেও অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে মুসল্লিদের সঙ্গে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা গেছে।

তুর্কি আল-শেখ আরও জানান, সৌদি আরবে অবস্থানকালে স্থানীয় মুসলিম সমাজের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়, তাদের জীবনযাপন ও আন্তরিকতা এস্পোসিতোর ওপর গভীর প্রভাব ফেলেছে। দেশটির অতিথিপরায়ণতা ও সামাজিক সম্প্রীতির প্রশংসাও করেন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে জিয়ানকার্লো এস্পোসিতো টেলিভিশন ও চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করেছেন। ‘ব্রেকিং ব্যাড’-এ তার গাস ফ্রিং চরিত্রটি ব্যাপক প্রশংসা অর্জন করে এবং আন্তর্জাতিকভাবে তাকে পরিচিতি এনে দেয়। এছাড়া ‘বেটার কল সল’ ও ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-এর মতো জনপ্রিয় সিরিজেও তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, তিনি বর্তমানে ‘সেভেন ডগস’ নামের একটি উচ্চ বাজেটের চলচ্চিত্রের শুটিংয়ে সৌদি আরবে অবস্থান করছেন। দেশটির বিনোদন খাত সম্প্রসারণের চলমান উদ্যোগের অংশ হিসেবেই এই আন্তর্জাতিক প্রজেক্টে তার অংশগ্রহণকে দেখা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Home R3