ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আকাশপথে জাঁকজমকপূর্ণ অভিবাদন জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)।
মঙ্গলবার (২৩ জুন) তার বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার পরপরই পিএএফের একটি বিশেষ এসকর্ট স্কোয়াড্রন সেটিকে চারপাশ থেকে ঘিরে ধরে স্বাগত জানায়।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইরানি প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিতে এই বিশেষ আকাশ প্রহরার আয়োজন করা হয়। এতে বিমান বাহিনীর অত্যাধুনিক ৬টি জেএফ-১৭ থান্ডার এবং এফ-১৬ যুদ্ধবিমানের একটি শক্তিশালী ফরমেশন অংশ নেয়। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা শেষে সরাসরি পাকিস্তান সফরে যান মাসুদ পেজেশকিয়ান।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর আকস্মিক সামরিক হামলা চালানোর পর প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এটিই প্রথম কোনো বিদেশ সফর। পরে ইরানি প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি পাকিস্তানের মাটিতে অবতরণ করলে তাকে লালগালিচা সংবর্ধনা ও উষ্ণ শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় অতিথিদের জন্য আয়োজিত এই ঐতিহ্যবাহী আকাশ প্রহরা মূলত সফররত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের প্রতি দেশটির দীর্ঘদিনের গভীর আতিথেয়তা ও কূটনৈতিক শ্রদ্ধাকে তুলে ধরে। একই সঙ্গে এই বিশেষ স্কোয়াড্রনে জেএফ-১৭ থান্ডার এবং এফ-১৬ বিমানের সক্রিয় অংশগ্রহণ পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক অভিযানিক সক্ষমতা এবং পেশাদারিত্বেরও একটি বড় প্রদর্শন।