দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির সহায়ক শক্তি হিসেবে মাঠে নেমেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সোমবার (৮ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান, ২০২৫ সালে বিজিবি ও আনসার বাহিনীর মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারকের আওতায় সীমান্তবর্তী এলাকায় এই সমন্বিত নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। বিজিবি সদস্যদের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় আনসার-ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করায় সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর হয়েছে।
সমঝোতা স্মারক অনুযায়ী, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে ১১ জেলার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছেন।
জেলাগুলো হলো চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি। এসব এলাকার উপজেলা ও থানা পর্যায়ের আনসার-ভিডিপি এবং টিডিপি সদস্যদের ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
আশিকউজ্জামান জানান, সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপির এই সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজিবির কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করছে।