২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরাইল : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, এই অঞ্চলে আরও সংবেদনশীল একটি পর্যায় শুরু হয়েছে। ইসরাইল শান্তির সামান্যতম সম্ভাবনারও বিরোধিতা করছে।

তিনি বলেন, আমরা জানি, ইসরাইল শান্তির সামান্যতম সম্ভাবনাও সহ্য করতে পারে না।

বুধবার (২৪ জুন) তুরস্কের পার্লামেন্টে নিজের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টির সংসদীয় দলের বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, গত ১০ দিনে ইসরাইলি রাজনীতিবিদদের দেওয়া বক্তব্যে বোঝা যাচ্ছে, যুক্তিবোধ দ্বারা পরিচালিত কোনো রাষ্ট্র নয়, বরং আমাদের সামনে রয়েছে নিয়ন্ত্রণ হারানো একদল উগ্রপন্থী।

তিনি আরও বলেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, সবাই একে অপরের বিরুদ্ধে কম মানুষ হত্যা করা এবং কম রক্ত ঝরানোর অভিযোগ করছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরাইলের কিছু গোষ্ঠী এই অঞ্চলে অস্ত্রের গর্জন থেমে যাক, তা চায় না। তারা ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সম্প্রতি হওয়া একটি সমঝোতা নস্যাৎ করার চেষ্টা করছে।

ইসরাইলকে হত্যাযজ্ঞের নেটওয়ার্ক আখ্যা দিয়ে এরদোগান বলেন, তারা সন্ত্রাস ও দখলদারিত্বকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে। গত ১০ দিনে সব পক্ষের প্রচেষ্টায় যে কষ্টার্জিত ঐকমত্য তৈরি হয়েছে, তা নস্যাৎ করতে ইসরাইল সবকিছু করেছে।

তিনি বলেন, যারা এর জন্য দায়ী, তারা নিজেদের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত এ ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে।

সূত্র: আনাদোলু

Home R3