ইরান ও তার মিত্র শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।
একইসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান-এর কঠোর সমালোচনা করে নেতানিয়াহু বলেন, তার নেতৃত্বে ইসরায়েল ইরানের ‘সন্ত্রাসী শাসন’ ও তাদের সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
নিজের পোস্টে এরদোগানের বিরুদ্ধে ইরানকে ‘সহযোগিতা’ করার এবং কুর্দি নাগরিকদের ওপর ‘গণহত্যা’ চালানোর অভিযোগও আনেন তিনি।
গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া এই ইসরায়েলি নেতার এমন মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে।
বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা এবং সম্ভাব্য যুদ্ধবিরতির আবহের মধ্যেই নেতানিয়াহুর এই কঠোর অবস্থান পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র: আল জাজিরা