৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

বাংলাদেশ-এর ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। রোববার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে গত ৩০ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম গেজেট আকারে প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন।

গেজেট অনুযায়ী, সংরক্ষিত আসনগুলো রাজনৈতিক দল ও জোটভিত্তিক বণ্টনে সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্রভাবে ১ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বিএনপি জোট থেকে সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানুসহ মোট ৩৬ জন নারী সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে জামায়াত-জোট থেকে নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগমসহ ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন নির্বাচিত হয়েছেন।

এদিকে জামায়াত জোটের প্রার্থী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম-এর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের শপথের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের প্রক্রিয়া সম্পন্ন হলো।