যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে এক বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাছুম সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে বসবাস করতেন এবং সেখানে একটি রেস্তোরাঁ পরিচালনা করতেন। মাছুমের এক মেয়ে এবং দুই ভাই ও দুই বোনও যুক্তরাজ্যে বসবাস করেন।
পরিবার সূত্রে জানা গেছে, মাছুম ছোটবেলা থেকেই যুক্তরাজ্যে বসবাস করতেন। তিনি বেশ কয়েকবার বাংলাদেশে এসেছিলেন। তার একটি মেয়ে আছে।
মাছুমের বাবা আমির আলী জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে তার ছোট ছেলে মারুফ কল করে বিষয়টি জানায়। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
নিহতের ছোট ভাই মানিক মিয়া জানান, লন্ডনের স্থানীয় সময় রাত ৪টার দিকে হঠাৎ পুলিশ এসে বাসার দরজায় নক করে। দরজা খুলে দিলে তারা জানতে চান, এটা মাছুমের বাসা কি না, উত্তরে হ্যাঁ বললে তারা মাছুমের ছবি দেখতে চান। পুলিশ সদস্যদের ছবি দেখালে তারা জানালেন, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। কেন তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানতে পারিনি। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনার তদন্ত করছে এবং অপরাধীকে শনাক্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।