রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে ঢাকায় নিযুক্ত ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে ওআইসি সদস্য দেশগুলোর প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ওআইসি দেশগুলোর সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে ওআইসি দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে তা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার প্রতিনিধিরাও অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।