রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় নিহতদের মরদেহ গুমের অপচেষ্টার অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানতে হেফাজতের একটি প্রতিনিধি দল সেখানে যায়।
মামুনুল হক বলেন, তদন্তে যাদের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে, কেবল তাদের সংখ্যাই উঠে এসেছে। তবে অনেকের মরদেহ পাওয়া যায়নি বলে দাবি করে তিনি বলেন, তৎকালীন সময়ে রাষ্ট্রীয়ভাবে শহীদদের মরদেহ গুম করার অপচেষ্টা হয়েছিল, যার ফলে বহু মানুষের কোনো হদিস পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, শাপলা চত্বরের সমাবেশে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন। শিক্ষার্থী, শ্রমিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও নিহতদের তালিকায় রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
তদন্তের খসড়া প্রতিবেদন প্রসঙ্গে মামুনুল হক জানান, প্রতিবেদনটি এখনও বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়নি। প্রাথমিকভাবে কিছু সংশোধনের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তারা। বিষয়টি পর্যালোচনা করে শিগগিরই প্রসিকিউশনের কাছে তাদের মতামত জানানো হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলাটি এখনও তদন্তাধীন এবং আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন দাখিল হয়নি। এ পর্যায়ে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।