বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয় যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইট মিস করা হজযাত্রীদের বিমান ভাড়া ফেরত দিতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে।
গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ের হজ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পত্রটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইনস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ অনুযায়ী, দুর্ঘটনা, গুরুতর অসুস্থতা, ভিসা জটিলতা বা অন্য কোনো যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে যেতে না পারলে সংশ্লিষ্ট হজযাত্রীকে প্রতিস্থাপন সুবিধা দিতে হবে। একই সঙ্গে সহগামী পরিবারের সদস্যও যেতে না পারলে তাদের ক্ষেত্রেও একই সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে।
এছাড়া, এমন পরিস্থিতিতে হজযাত্রীদের বিমান টিকিট প্রতিস্থাপন এবং ভাড়ার অর্থ ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানায়, প্রতিস্থাপনের ফলে এয়ারলাইন্সগুলোর নির্ধারিত কোটায় কোনো পরিবর্তন হবে না। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে এ নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৮৭ হাজার ৫০০ হজযাত্রী সৌদি আরব-এ পবিত্র হজ পালনে যাচ্ছেন। গত ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় ৪৫ হাজার যাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। বিভিন্ন কারণে কিছু যাত্রী ফ্লাইট মিস করায় তাদের সুবিধার্থেই এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।