১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে মহাসড়কে আছড়ে পড়ল বিমান, নিহত ১

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে একটি ছোট বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়ে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা ছয়জনের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মহাসড়কে চলাচলরত কোনো যানবাহনের যাত্রী হতাহত হননি বলে নিশ্চিত করেছে পুলিশ।

লারেডো পুলিশ বিভাগের তদন্ত কর্মকর্তা হোসে বায়েজা জানান, দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে মহাসড়কের উভয় দিক বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারায় এবং একটি চলন্ত যানবাহনের সঙ্গে আঘাত লাগার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি সড়কের ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়ে রয়েছে এবং আগুন জ্বলছে।

প্রত্যক্ষদর্শী জাইরা গারজা বলেন, তিনি সহকর্মীদের বাড়ি পৌঁছে দেওয়ার পথে ঘটনাটি দেখতে পান। তিনি জানান, বিমানের ভেতর থেকে কয়েকজন নিজে বের হওয়ার চেষ্টা করেন এবং পরে স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। তিনি আরও বলেন, আগুনের কারণে বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছিল।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানটি কীভাবে মহাসড়কে বিধ্বস্ত হলো, তা এখনো নিশ্চিত করা যায়নি।

সূত্র: সিএনএন

Home R3