বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাকে দ্রুত হাসপাতালের নিউরো আইসিইউতে নেওয়া হয়।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় সাড়ে তিন ঘণ্টার বিমান যাত্রা শেষে মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান। বিমানবন্দর থেকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
ডা. রফিকুল ইসলাম বলেন, সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। তারা মির্জা আব্বাসকে হাসপাতালের নিউরোলজি বিভাগের আইসিইউতে ভর্তি করেছেন। দীর্ঘ যাত্রায় তার কোনো শারীরিক জটিলতা তৈরি হয়নি এবং বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এর আগে, রোববার সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রায় পৌনে চার ঘণ্টার একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পরবর্তী নিবিড় পর্যবেক্ষণের জন্য ওই রাতেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।