২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে ১৮৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

গত শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে পুডু মার্কেট এলাকার আশপাশে বিদেশি নাগরিকদের আবাসস্থলে “অপস কুতিপ” নামে এ অভিযান পরিচালনা করা হয়।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানায়, রাত ১২টা ৫ মিনিটে শুরু হওয়া এ অভিযানে বিভিন্ন সংস্থার ১৩৭ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানে ৩২০ জন বিদেশির কাগজপত্র যাচাই করে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৮৬ জনকে আটক করা হয়।

কর্তৃপক্ষ জানায়, অভিযানের সময় কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাদের আটক করা সম্ভব হয়।

আটকদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি পুরুষ রয়েছেন। এছাড়া ইন্দোনেশিয়ার ২৮ জন, মিয়ানমারের ২৬ জন, ভিয়েতনামের ৫ জন, নেপালের ৪ জন, ভারতের ২ জন, পাকিস্তানের ১ জন এবং চীনের ২ জন নাগরিকও রয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অনেকেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছিলেন, আবার কেউ বৈধ কাগজপত্র ছাড়াই দেশটিতে বসবাস করছিলেন।

তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী তদন্ত চলছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আটক ব্যক্তিদের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।