বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাসের ধারাবাহিকতায় আগামী মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হবে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করেই সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে সরকারের কাছে প্রায় ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুদ রয়েছে এবং এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানি হওয়ার কথা রয়েছে। ফলে আগামী মাসেও জ্বালানি সংকটের আশঙ্কা নেই বলে তিনি আশ্বস্ত করেন।
এ সময় তিনি আরও জানান, অকটেন ও পেট্রোলের ব্যবহার তুলনামূলকভাবে কম। জ্বালানি বিভাগের তথ্যমতে, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা মূলত কৃষিখাতে সেচ ও গণপরিবহণে ব্যবহৃত হয়।
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করছে বলেও জানান তিনি। এর মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, অফিস সময় কমানো এবং অনলাইন ক্লাস চালুর মতো উদ্যোগ।