১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পর্তুগালে ট্রাক থেকে জ্বালানি তেল চুরি,  দুই যুবক গ্রেপ্তার

পর্তুগালের ভিলা ফ্রাঙ্কা ডি জিরা এলাকায় একটি পণ্যবাহী ট্রাক থেকে জ্বালানি তেল চুরির সময় দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে দেশটির পাবলিক সিকিউরিটি পুলিশ।

গত শুক্রবার (২৭ মার্চ) লিসবন মেট্রোপলিটন কমান্ডের একটি বিশেষ অভিযানে ২১ ও ২৪ বছর বয়সী এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিয়মিত টহল চলাকালে একটি সন্দেহজনক ব্যক্তিগত গাড়ি পার্ক করা দেখতে পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখা যায়, একজন যুবক গাড়ির ভেতরে অবস্থান করে নজরদারি করছিলেন, আর অন্যজন ট্রাকের ফুয়েল ট্যাংক থেকে প্লাস্টিকের বোতলে তেল সংগ্রহ করছিলেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন অভিযুক্ত ট্রাকের নিচে লুকিয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে। পরে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান মামলা দায়ের করলে পুলিশ আনুষ্ঠানিকভাবে তাঁদের গ্রেপ্তার দেখায়।

তল্লাশির সময় তাঁদের কাছ থেকে তেল ভর্তি বোতলসহ তালা ভাঙার বিভিন্ন সরঞ্জাম, যেমন রেঞ্জ ও স্ক্রু-ড্রাইভার, জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই যুবকের বিরুদ্ধে অতীতেও একাধিক চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে দেশটির আইনি প্রক্রিয়া অনুযায়ী, প্রাথমিক শুনানিতে হাজিরার শর্তে তাঁদের সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছে।

বর্তমানে মামলাটি লিসবন নর্থ ডিস্ট্রিক্ট প্রসিকিউটর অফিসে প্রক্রিয়াধীন রয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ ধরনের চুরির ঘটনা স্থানীয় ট্রাকচালক ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Home R3