ইতালির ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব পিসা ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে। ইতালিয়ান সরকারের সহায়তায় পরিচালিত এই স্কলারশিপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বিনা আবেদন ফি ও কম খরচে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
১৩৪৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব পিসা গবেষণাভিত্তিক শিক্ষা ও দীর্ঘ ঐতিহ্যের কারণে আন্তর্জাতিকভাবে সুপরিচিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ২০টি বিভাগ রয়েছে। এখানকার সাবেক শিক্ষার্থীদের মধ্যে গ্যালিলিও গ্যালিলি, পদার্থবিজ্ঞানী এনরিকো ফার্মি এবং গণিতবিদ ভিটো ভলতেরা উল্লেখযোগ্য।
বিশ্ববিদ্যালয় ও ইতালিয়ান সরকারের সহায়তায় বিভিন্ন ধরনের বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে ইউএনআইপিআই স্কলারশিপ, ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় বৃত্তি, ইনভেস্ট ইয়োর ট্যালেন্ট ইন ইটালি স্কলারশিপ এবং ডিএসইউ স্কলারশিপ।
বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বছরে প্রায় ২ হাজার ৪০০ ইউরো পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন, যা শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক ব্যয়ে ব্যবহার করা যাবে।
প্রকৌশল, স্বাস্থ্যবিজ্ঞান, কৃষি ও ভেটেরিনারি বিজ্ঞান, মানবিক, সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
আবেদনের জন্য প্রার্থীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে হবে। ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে। ইংরেজি দক্ষতা প্রয়োজন হলেও আইইএলটিএস বা টোয়েফল বাধ্যতামূলক নয়।
আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় সেপ্টেম্বর ২০২৬।