১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

আগামী পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রতিষ্ঠানে ৫৫টি বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ ও সংরক্ষণের লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরি এবং ভাষাগত দক্ষতা বাড়াতে সরকার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করা, অভিবাসন ব্যয় কমানো এবং দালালচক্রের প্রতারণা নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অভিবাসন প্রক্রিয়াকে স্বচ্ছ ও সহজ করতে ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি)’ চালু করা হয়েছে, যার ফলে দালালদের দৌরাত্ম্য কমবে এবং জবাবদিহিতা বাড়বে।

এছাড়া দালাল ও সাব-এজেন্টদের আইনের আওতায় আনতে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ বিধিমালা, ২০২৫’ প্রণয়ন করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় পর্যায়ে অভিবাসন কার্যক্রম তদারকির জন্য জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক অভিবাসন সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে।

Home R3