২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে :  ইকবাল হাসান মাহমুদ টুকু

বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এখনও ভর্তুকি দিতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেছেন।

মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের যে হারে দাম বেড়েছে সে তুলনায় অনেক কম বাড়ানো হয়েছে। নতুন দামেও ভর্তুকি দিতে হচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল) প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা করা হয়েছে।

কেরোসিনের দাম প্রতি লিটার ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে। নতুন দর রাত ১২টার পর থেকে কার্যকর করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

এই দামবৃদ্ধির সঙ্গে সঙ্গে অতীতের সর্বোচ্চ দামের রেকর্ড ছাড়িয়ে গেছে অকটেনের দাম। ২০২২ সালের ৫আগস্ট বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জারি করা আদেশে ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ৩৪ টাকা এবং পেট্রল ও অকটেনে ৪৬ টাকা দাম বাড়ানো হয়েছিল। তখন ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা লিটার, পেট্রোল ১৩৫টাকা এবং অকটেন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। ওই দাম বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া বেড়েছিল সর্বোচ্চ ২২ শতাংশ।