১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশিসহ সব প্রবাসীর জন্য কাতারের জরুরি নির্দেশনা

বাংলাদেশিসহ সব প্রবাসীর জন্য রেসিডেন্স পারমিট বা আকামা বাতিলসংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে কাতার সরকার।

নতুন নিয়ম অনুযায়ী, কাতারে যেসব প্রবাসীর রেসিডেন্স পারমিট বাতিল করা হবে, তাদের বাতিলের তারিখ থেকে ১৪ দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দেশ না ছাড়লে প্রতিদিন জরিমানার বিধান রাখা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগে এই ক্ষেত্রে ৩০ দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হতো। নতুন সিদ্ধান্তে তা কমিয়ে ১৪ দিন করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময় অতিক্রম করে অবস্থান করলে প্রতিদিন ১০ কাতারি রিয়াল জরিমানা গুনতে হবে।

এছাড়া ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে প্রতিদিন ২০০ কাতারি রিয়াল জরিমানা আরোপ করা হবে বলে জানানো হয়েছে।

কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের ‘মেতরাশ’ মোবাইল অ্যাপ ব্যবহার করে তাদের ভিসা ও আইনি অবস্থান যাচাই করার পরামর্শ দিয়েছে। এই অ্যাপের মাধ্যমে ট্রাফিক জরিমানা, অতিরিক্ত অবস্থানজনিত জরিমানা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত তথ্য জানা যাবে।

এ ছাড়া আকামা নবায়ন বা নতুন পাসপোর্টে স্থানান্তরের কাজও এই অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে বলে জানানো হয়েছে।

Home R3