আধুনিক হিমাগার বা রাসায়নিক ছাড়াই আফগানিস্তানের একটি ঐতিহ্যবাহী পদ্ধতিতে দীর্ঘদিন আঙুর সতেজ রাখা হচ্ছে। দেশটির কাবুলের উত্তর উপকণ্ঠের কালাকান জেলায় এক হাজার বছরের পুরনো এই সংরক্ষণ কৌশল আজও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
এই পদ্ধতির নাম ‘কানগানা’। এতে কাদা ও খড় মিশিয়ে তৈরি করা হয় একটি বায়ুরোধী মাটির পাত্র। গ্রীষ্মকালে কাদা-খড় দিয়ে দুটি অংশ তৈরি করে রোদে শুকানো হয়। পরে আঙুর ভরে মুখ সম্পূর্ণভাবে কাদা দিয়ে সিল করে শীতল ও শুষ্ক স্থানে রাখা হয়।
স্থানীয়দের মতে, অক্টোবর মাসে সংরক্ষণ করা আঙুর পরের বছরের মার্চ পর্যন্ত ভালো থাকে, স্বাদ ও সতেজতাও অক্ষুণ্ণ থাকে।
আফগান সাংস্কৃতিক বিশেষজ্ঞদের মতে, কানগানা শুধু একটি পাত্র নয়, বরং গ্রামীণ জীবনের টিকে থাকার একটি প্রাচীন প্রযুক্তি। বাজারে বিক্রেতারা এই পদ্ধতিতে আঙুর সংরক্ষণ করে জীবিকা নির্বাহ করছেন।
জানা গেছে, মূলত ‘তাইফি’ জাতের আঙুর এই পদ্ধতির জন্য উপযোগী, কারণ এর খোসা পুরু এবং এটি দীর্ঘ সময় ভালো থাকে।
সূত্র: সিনহুয়া