২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তান সবসময় ইরানের পাশে থাকবে, ঈদে পেজেশকিয়ানকে শাহবাজ শরিফ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক শান্তি নিয়ে আলোচনা করেছেন। এ সময় তিনি যেকোনো সংকটে ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী শরিফ জানান, এই অঞ্চলে শান্তি বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তানের ‌‌‘আন্তরিক প্রচেষ্টার’ জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ান। একই সঙ্গে চলমান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরসহ সৌদি আরব, কাতার ও তুরস্কের ইতিবাচক ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন তিনি।

শাহবাজ শরিফ তার পোস্টে বলেন, ‘বর্তমান সংকটে মূল্যবান প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেছি। আমি জোর দিয়ে বলেছি যে, পাকিস্তান একজন আন্তরিক বন্ধু ও প্রতিবেশী হিসেবে সবসময় ইরানের পাশে থাকবে।’

তিনি আরও আশা প্রকাশ করেন, এই অঞ্চলে চলমান শান্তি প্রচেষ্টা ও আলোচনা শীঘ্রই একটি স্থায়ী চুক্তিতে রূপ নেবে, যা মধ্যপ্রাচ্যসহ সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার নতুন পথ প্রশস্ত করবে। সূত্র আল জাজিরা

Home R3