২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

পর্তুগালের নতুন আইনে চরম উৎকণ্ঠায় হাজারো বাংলাদেশি গাড়িচালক

ইউরোপের দেশ পর্তুগাল-এ রাইড শেয়ারিং খাতে নতুন আইন পাস হওয়ায় চরম উদ্বেগে পড়েছেন হাজারো বাংলাদেশি অভিবাসী গাড়িচালক। গত শুক্রবার (১৭ জুলাই) দেশটির পার্লামেন্টে অনুমোদিত এই আইনে উবার ও বোল্ট চালকদের জন্য পর্তুগিজ ভাষা জানা বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন এই বিধিনিষেধের ফলে রাজধানী লিসবন এবং পোর্তো শহরে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি চালক অনিশ্চয়তার মুখে পড়েছেন। কারণ, তাদের অধিকাংশই রাইড শেয়ারিং খাতের ওপর নির্ভরশীল।

আইন অনুযায়ী, এখন থেকে চালকদের পর্তুগিজ ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি ড্রাইভিং প্রশিক্ষণের সময়সীমা বাড়িয়ে ন্যূনতম ৫০ ঘণ্টা করা হয়েছে এবং চূড়ান্ত লাইসেন্স পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে কমপক্ষে ২৭ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।

এছাড়া নতুন নিয়মে যাত্রীরা চাইলে অ্যাপ ব্যবহার করে পর্তুগিজ ভাষা জানা চালক বেছে নিতে পারবেন। ফলে ভাষাজ্ঞান না থাকলে চালকদের রাইড পাওয়ার সুযোগ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আইনে আরও উল্লেখ করা হয়েছে, জালিয়াতি প্রতিরোধে প্রতিটি গাড়িতে স্থায়ী ডিজিটাল স্টিকার সংযুক্ত করা হবে এবং নিরাপত্তার স্বার্থে অডিও ছাড়া শুধুমাত্র ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থাও রাখা হবে।

বিশ্লেষকদের মতে, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও ডানপন্থী শেগা দলের সমর্থনে পাস হওয়া এই আইন বাস্তবায়িত হলে পর্তুগালে কর্মরত প্রবাসী চালকদের জীবিকায় বড় ধরনের প্রভাব পড়তে পারে।

Home R3