জুলাই বিপ্লবে নিহত শহীদদের অনেকের লাশ ঢাকার একটি হাসপাতাল থেকে পাশের নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল বলে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন জুলাই শহীদদের গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অনুসন্ধানে এ ধরনের তথ্য উঠে এসেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষসহ জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, নতুন গণকবর, হাসপাতাল ও অন্যান্য উৎস থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। জাতিসংঘের প্রতিবেদনের ভিত্তিতে প্রায় ১ হাজার ৪০০ শহীদের একটি তালিকা পাওয়া গেছে এবং শহীদ পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে পৃথকভাবে শনাক্তকরণের চেষ্টা চলছে।
মো. আমিনুল ইসলাম বলেন, প্রতিটি হত্যার বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। গণকবর ও নদীতে ভাসিয়ে দেওয়া লাশ শনাক্ত হলে শহীদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
তিনি জানান, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে থাকা গণকবর পরিদর্শন করা হবে এবং প্রতিটি স্থানে লাশ শনাক্তকরণে কাজ করছে তদন্ত সংস্থা। ডিএনএ পরীক্ষার মাধ্যমেও কিছু অগ্রগতি হয়েছে।
এছাড়া তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট কিছু হাসপাতালে শহীদদের নাম রেজিস্ট্রিতে অন্তর্ভুক্ত করা হয়নি এবং অনেক ক্ষেত্রে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। এমনকি সুরতহাল ও ময়নাতদন্তও সম্পন্ন করা হয়নি।
চিফ প্রসিকিউটর জানান, এখন পর্যন্ত ৮৩৪ জন জুলাই শহীদের লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে।