দ্বিতীয় দফায় সমগ্র দেশজুড়ে পোলিও টিকাদান কর্মসূচি শুরু করেছে আফগানিস্তান। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় এই কর্মসূচি চালু করেছে।
সোমবার (১৮ মে) আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৫ বছরের কম বয়সী প্রায় ৮.৩ মিলিয়নের বেশি শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। দেশের ২০টি প্রদেশের ১৯৪টি জেলায় এই অভিযান পরিচালিত হচ্ছে।
জানা যায়, এই টিকাদান কর্মসূচি ১৮ মে থেকে ২১ মে পর্যন্ত কেন্দ্রীয়, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় চলবে। তবে কান্দাহার, হেলমান্দ, উরুজগান ও জাবুল প্রদেশে এই অভিযান ১৯ মে থেকে ২২ মে পর্যন্ত চলবে।
জনস্বাস্থ্য মন্ত্রী নূর জালাল জালালি বলেছেন, আফগান সরকার পোলিও ভাইরাস নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং রোগটি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত টিকাদান কার্যক্রম চালিয়ে যাবে।
তিনি ধর্মীয় নেতা, উপজাতীয় প্রবীণ, অভিভাবক ও প্রভাবশালী ব্যক্তিদের আহ্বান জানিয়েছেন যেন তারা টিকাদান কর্মীদের সহযোগিতা করেন এবং শিশুদের সুরক্ষায় এগিয়ে আসেন।
মন্ত্রণালয় জানিয়েছে, পোলিও একটি ভাইরাসজনিত রোগ যার কোনো চিকিৎসা নেই। এটি শুধু টিকার মাধ্যমেই প্রতিরোধ করা সম্ভব। আক্রান্ত হলে শিশু স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হতে পারে বা মৃত্যুও ঘটতে পারে।
কর্তৃপক্ষ আবারও অভিভাবকদের অনুরোধ করেছে যেন ৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা দেওয়া হয়। টিকাদান কর্মীরা পুরো কর্মসূচি চলাকালীন নির্ধারিত এলাকায় উপস্থিত থাকবে এবং শিশুদের টিকা দেবে।