দেশের ২ হাজার ৮৪৭টি গ্রামে এখনো কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন-এর এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রতিটি গ্রামে এখনো প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।
মন্ত্রী জানান, বিভাগভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি বিদ্যালয়বিহীন গ্রাম রয়েছে চট্টগ্রাম বিভাগে এবং সবচেয়ে কম রংপুর বিভাগে।
বিভাগওয়ারি হিসেবে—চট্টগ্রামে ৮১৮টি, ঢাকায় ৭১৭টি, রাজশাহীতে ৩৫৫টি, খুলনায় ৩৪৯টি, ময়মনসিংহে ২৬৬টি, সিলেটে ২৬০টি, বরিশালে ৪৫টি এবং রংপুরে ৩৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই।
বিদ্যালয়বিহীন এসব এলাকায় নতুন স্কুল প্রতিষ্ঠা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভবিষ্যতে প্রয়োজনীয়তা ও নির্ধারিত শর্ত বিবেচনা করে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।