দেশে কোনোভাবেই ‘মব কালচার’ চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি দাবি আদায়ে গণতান্ত্রিক পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেছেন।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা–এর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
সম্পূরক প্রশ্নে রুমিন ফারহানা অতীতের বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন এবং সাম্প্রতিক সময়ে ‘মব কালচার’-এর বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ঘটনায় ২৫০ থেকে ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ প্রবণতা রোধে সরকারের পদক্ষেপ জানতে চান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময় হলেও ইতোমধ্যে ‘মব কালচার’ বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশে কোনো ধরনের মব কালচার থাকতে দেওয়া হবে না।” এ বিষয়ে শিগগিরই বিস্তারিত বক্তব্য দেওয়ার কথাও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সব ঘটনাকে ‘মব’ হিসেবে চিহ্নিত করা সঠিক নয়। কিছু ঘটনা সংগঠিত অপরাধ, যেগুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা, তদন্ত ও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, রাস্তা অবরোধ বা সহিংসতার মাধ্যমে দাবি আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি উপস্থাপন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া, সেমিনার-সিম্পোজিয়াম বা জনসমাবেশের মাধ্যমে মত প্রকাশের সুযোগ রয়েছে এবং সরকার তা নিশ্চিত করবে।