১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী ছবি: সংগৃহীত

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই মাসের মধ্যে এ কার্ড চালু হতে পারে বলে জানিয়েছেন আরিফুল হক চৌধুরী।

জাতিসংঘ-এর ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ অংশ নিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থানরত মন্ত্রী জানান, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের স্বীকৃতি হিসেবেই এ কার্ড চালু করা হচ্ছে।

তিনি বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানো প্রবাসীরা এ কার্ডের মাধ্যমে নানা বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন, দেশে অবস্থানকালে নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষা নিশ্চিত করার মতো সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। যারা বেশি রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য অতিরিক্ত লজিস্টিক সহায়তাও দেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকার কাজ করছে, যা দীর্ঘদিনের একটি দাবি।

প্রবাসীদের দেশে বিনিয়োগে আগ্রহী করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, বিভিন্ন জটিলতা ও প্রতারণার কারণে অনেক প্রবাসী বিনিয়োগে নিরুৎসাহিত হন। তাই নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে।

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও কাজ চলছে জানিয়ে তিনি বলেন, শুধু নিউইয়র্ক নয়, অন্যান্য দেশ থেকেও সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।

নিজ নির্বাচনি এলাকা গোয়াইনঘাট প্রসঙ্গে মন্ত্রী জানান, সেখানে দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন চালু করা হবে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে উন্নয়নের পাশাপাশি জাফলং পর্যন্ত রেললাইন নির্মাণ এবং পর্যটন নিরাপত্তা জোরদার করার পরিকল্পনাও রয়েছে।

শেষে তিনি বলেন, পারস্পরিক দ্বন্দ্ব ও প্রতিহিংসা পরিহার করে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।