৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

‘ডিভোর্স যেই দিক না কেন, স্বামীকে দেনমোহর পরিশোধ করতে হবে’

বিবাহ বিচ্ছেদ যেই পক্ষ থেকেই হোক না কেন, নির্ধারিত দেনমোহর পরিশোধে স্বামী বাধ্য—এই বিধান কার্যকর করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার জনস্বার্থে এ রিট দায়ের করেন। এতে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দেনমোহর স্ত্রীর বৈধ অধিকার এবং তা পরিশোধ করা স্বামীর আইনগত বাধ্যবাধকতা। তবে বাস্তবে অনেক ক্ষেত্রে এই অধিকার আদায় হচ্ছে না, বিশেষ করে বিলম্বিত দেনমোহর দীর্ঘ সময় পরও আগের নির্ধারিত অর্থমূল্যে পরিশোধ করা হচ্ছে, যা নারীর প্রকৃত আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ।

ব্যারিস্টার ফাহমিদা আখতার বলেন, “ডিভোর্স কে দিয়েছেন—স্বামী না স্ত্রী, সেটি এখানে মুখ্য বিষয় নয়। দেনমোহর দেওয়া স্বামীর জন্য সবসময় বাধ্যতামূলক। এটি নারীর আইনগত অধিকার।”

রিটে একটি উদাহরণ দিয়ে বলা হয়, বহু বছর আগে নির্ধারিত দেনমোহর পরে একই অর্থমূল্যে পরিশোধ করা হলে মুদ্রাস্ফীতির কারণে এর প্রকৃত মূল্য অনেক কমে যায়, যা ন্যায়সংগত নয়।

এ প্রেক্ষিতে, বিবাহের এক বছর পর বা তার বেশি সময় পরে পরিশোধযোগ্য দেনমোহরের মূল্যায়ন, আদায় পদ্ধতি ও বাস্তবায়ন নিয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ ধারার অধীনে একটি সমন্বিত নির্দেশিকা জারির জন্য রুল চাওয়া হয়েছে।

রিটে আরও বলা হয়েছে, প্রস্তাবিত নীতিমালা কার্যকর হলে নারীদের আর্থিক অধিকার সংরক্ষণ, আইনের অস্পষ্টতা দূরীকরণ এবং ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি দ্রুত দেনমোহর পরিশোধে উৎসাহ সৃষ্টি হবে বলেও উল্লেখ করা হয়।

Home R3