ঝিনাইদহে ছাত্রদল নেতার দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম ওরফে তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) সন্ধ্যায় জেলা শহরের একটি রেস্টুরেন্ট এলাকায় পূর্বঘোষিত সংবাদ সম্মেলনে যোগ দিতে এসে তিনি গ্রেফতার হন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান।
পুলিশ জানায়, গত শুক্রবার (২২ মে) শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় তারেক রেজা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এতে জেলা ছাত্রদলের আট নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১১০ জনকে আসামি করা হয়।
মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদকে প্রধান আসামি করা হয়। এছাড়া জেলা ছাত্রদলের সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল ও সাবেক সভাপতি এসএম সমেনুজ্জামান সমেনসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়।
পরদিন শনিবার (২৩ মে) ঝিনাইদহ সদর থানায় পাল্টা মামলা করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. এনামুল কবির। এতে তারেক রেজাসহ এনসিপির ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।
এরই মধ্যে শনিবার রাতে ছাত্রদলের মামলার এক আসামি জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমানকে যশোর থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তবে তাকে থানা বা আদালতে হাজির না করার অভিযোগ তুলে রোববার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি। সেই সম্মেলনে অংশ নিতে এসে গ্রেফতার হন তারেক রেজা।
এদিকে, এনসিপির দায়ের করা মামলার প্রধান আসামিসহ সংশ্লিষ্ট সবাইকে রোববার দুপুরে ঝিনাইদহ আদালত জামিন দিয়েছেন।