৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে মন্দির দখল নিয়ে ইসকনের সঙ্গে সাধারণ হিন্দুদের সংঘর্ষ; আহত ৪

চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় ইসকনের লোকজনের সঙ্গে স্থানীয় সাধারণ হিন্দু সম্প্রদায়ের দফায় দফায় সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হিন্দুদের জমি ও মন্দির জবরদখলের চেষ্টার অভিযোগকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার (৬ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে নন্দনকানন এলাকার লোকনাথ মন্দিরসংলগ্ন জায়গা নিয়ে ইসকনের লোকজন এবং স্থানীয় সাধারণ হিন্দু সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এর আগে রাত ৩টার দিকে ইসকনের একদল লোক লোকনাথ মন্দিরসংলগ্ন জায়গায় প্রবেশের চেষ্টা করে। এ সময় এলাকার সাধারণ হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে তাদের বাদানুবাদ শুরু হয়। একপর্যায়ে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। ওই সময় মন্দির এলাকায় একটি কক্ষ ভাঙচুর করা হয় বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে।

নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার হোসাইন কবির ভূঁইয়া বলেন, মূলত লোকনাথ মন্দির নিয়ে ইসকন ও অন্য সাধারণ হিন্দুদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। ইসকন রাতের বেলা এলাকায় ঢুকলে সাধারণ হিন্দুদের সঙ্গে সংঘর্ষ হয়। আমরা অতিরিক্ত পুলিশ নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

Home R3