জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান, সবার আগে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি, আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই মূলনীতিকে ধারণ করে দেশের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে একটি সুদৃঢ় জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা সামনে এগিয়ে যেতে চাই।”
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে জনগণ এক মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এই স্বাধীন আবহেই দেশবাসী পরপর কয়েকটি উৎসবমুখর ঈদ উদযাপনের সৌভাগ্য লাভ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অব্যাহত সমৃদ্ধি, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সর্বাঙ্গীণ মঙ্গলের জন্য মহান আল্লাহর দরবারে সম্মিলিত প্রার্থনা করার আহ্বান জানান।
তিনি আরও জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
পরে তারা বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকো এবং ডা. জুবাইদা রহমানের বাবার কবর জিয়ারত করেন। একই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডে নিহত বিডিআর, বর্তমানে বিজিবি সদস্যসহ অন্যান্য শহীদ সামরিক কর্মকর্তাদের কবর জিয়ারত করে তাদের রূহের মাগফিরাত কামনা করেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস