১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় মাত্র ৮ মাসে সম্পূর্ণ কুরআন হাতে লিখলেন সুরাইয়া জান্নাত

কুমিল্লার লাকসামে সম্পূর্ণ নির্ভুলভাবে এবং অবিকল ছাপা অক্ষরের মতো করে নিজ হাতে পবিত্র কুরআন মাজিদ লিখে এক অনন্য নজির স্থাপন করেছেন সুরাইয়া জান্নাত নামের এক শিক্ষার্থী। মাত্র আট মাসের ঐকান্তিক প্রচেষ্টায় ১১৪টি সূরা সংবলিত ৩০ পারার এই কুরআন মাজিদ হাতে লিখে শেষ করেছেন তিনি।

সুরাইয়া জান্নাত লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের সৌদি প্রবাসী নুর হোসেন লিটন ও জান্নাতুল ফেরদৌস দম্পতির মেয়ে। তিনি বর্তমানে মুদাফরগঞ্জ এ.ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্রী।

জানা গেছে, ২০২৬ সালের ১ জানুয়ারি সুরাইয়া এই পবিত্র কাজ শুরু করেন এবং আগস্ট মাসের শেষের দিকে পুরো কুরআন মাজিদের অনুলিপি সম্পন্ন করেন। মাদ্রাসার নিয়মিত ক্লাস ও পড়াশোনার ফাঁকে ফাঁকে তিনি এই কাজ করতেন। এই দীর্ঘ সময়ে তিনি প্রায় ৫৫টি কলম ব্যবহার করেছেন এবং মোট ১ হাজার ১২৯ পৃষ্ঠায় পুরো কুরআন লিপিবদ্ধ করেছেন।

সুরাইয়া জান্নাত জানান, সমবয়সীরা যখন মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অযথা সময় নষ্ট করে, তখন তিনি সেই সময়টি পবিত্র কুরআন লেখার কাজে ব্যয় করার সিদ্ধান্ত নেন। পবিত্রতা বজায় রাখতে লেখার আগে তিনি সবসময় অজু করে নিতেন এবং নবীজির (সা.) ওপর দরূদ পাঠ করে লেখা শুরু করতেন।

কুরআন লেখার পেছনে অনুপ্রেরণা সম্পর্কে এই শিক্ষার্থী বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি ও রাসুলের (সা.) শাফায়াত লাভের পবিত্র উদ্দেশ্যেই তিনি এই কষ্টসাধ্য কাজটি করেছেন। তার ছোট ভাই নাহিদ হাসান তাকে এই কাজে সার্বক্ষণিক উৎসাহ জুগিয়েছে। ভবিষ্যতে হাদিসের বিখ্যাত গ্রন্থ ‘সহিহ বুখারি’ও নিজ হাতে লেখার ইচ্ছে প্রকাশ করেছেন সুরাইয়া।

মেয়ের এমন বিরল কীর্তিতে মা জান্নাতুল ফেরদৌস উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মেয়ের এই মহৎ কাজে খুশি হয়ে প্রবাসী বাবা নুর হোসেন লিটন তাকে এক লাখ টাকা পুরস্কার দিয়েছেন।

এদিকে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা সুরাইয়ার ভূয়সী প্রশংসা করে বলেন, বয়সের এই উত্তাল সময়ে নিজ হাতে সম্পূর্ণ কুরআন সম্পন্ন করা একটি অসাধারণ দৃষ্টান্ত এবং তার হাতের লেখাও একেবারে ছাপা অক্ষরের মতো। ইতিমধ্যেই স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুরাইয়া জান্নাতকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সুরাইয়ার এই কৃতিত্ব স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

Home R3