সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস-কে একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম-এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন।
তবে তার বিরুদ্ধে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ আরও ছয়টি মামলা থাকায় আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি।
মামলার বিবরণে জানা যায়, চট্টগ্রামের হাটহাজারীর মেখল এলাকায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন এ মামলা দায়ের করেন। এ মামলায় ৭ এপ্রিল চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয়।
আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, কারাগারে থাকা অবস্থায় তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালে দায়ের করা এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ছয়জনকে আসামি করা হয়। তদন্ত শেষে পিবিআই আদালতে প্রতিবেদন জমা দেয়।
উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করার সময় তার উগ্র অনুসারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় আদালত প্রাঙ্গণের বাইরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ-কে কুপিয়ে হত্যা করে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা । এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে তদন্ত শেষে ৩৯ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়, যেখানে প্রধান আসামি করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে।
এ ছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।