১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কাতারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩, বাংলাদেশিসহ আহত ৬৬

কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং বাংলাদেশিসহ ৬৬ জন আহত হয়েছেন।

কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শ্রেদা আল-কাবি এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি একই সঙ্গে কাতারএনার্জির প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, রোববার (২১ জুন) সন্ধ্যায় রাস লাফান শিল্পনগরীর বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে পরিচালন কার্যক্রম শুরুর সময় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দ্রুত অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত শ্রমিকরা রয়েছেন। তবে তাদের মধ্যে কোন দেশের কতজন নাগরিক ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

আহতদের মধ্যে ভারত, কাতার, তানজানিয়া, পাকিস্তান, গিনি, নেপাল, বাংলাদেশ, কেনিয়া ও নাইজেরিয়ার নাগরিকরা রয়েছেন বলে জানানো হয়েছে।

কাতার সরকার ও কাতারএনার্জির পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার পরপরই জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এদিকে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। সহায়তার জন্য হেল্পলাইন নম্বর ও ই-মেইল চালু করা হয়েছে।

ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে ঘটনাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে উল্লেখ করে জানিয়েছে, তারা কাতার সরকারের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিখোঁজদের খোঁজে কাজ চলছে।

Home R3