২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ওমরাহ ভিসার মেয়াদ বাড়াল সৌদি আরব

পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ ৩৬৫ দিনে উন্নীত করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থায় ভিসাধারীরা বছরে একাধিকবার দেশটিতে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করার সুযোগ পাবেন। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে ভিসাধারীদের সরকারি অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ থেকে একটি নির্ধারিত প্যাকেজ ক্রয় করতে হবে। তবে ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট সময়ের চেয়ে বেশি হতে পারবে না। পাশাপাশি আগমনের পূর্বে নুসুকের মাধ্যমেই ওমরাহ পালনের অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে।

এদিকে হজ মৌসুমে এই ভিসা সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকবে। আরবি জিলক্বদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত ভিসাধারীরা এই ভিসা ব্যবহার করতে পারবেন না।

সোমবার (২০ জুলাই) সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ঘোষিত ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এই নতুন ভিসা নীতিমালা চালু করা হয়েছে।

Home R3