৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামি লেখক ফোরামের কাউন্সিল শুক্রবার: দেওয়া হবে গ্রন্থ সম্মাননা

ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের কাউন্সিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হবে। কাউন্সিলে সংগঠনটির আগামী দুই বছর মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

ফোরাম কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদেশ থেকে সংগঠনটির সদস্যরা এই কাউন্সিলে অংশ নেবেন। অনুষ্ঠানে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, শিল্প ও সংস্কৃতি সম্পাদক এবং প্রশিক্ষণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিন সদস্যের একটি নির্বাচন কমিশন পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবেন।

নতুন নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠানে থাকবে ‘লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৬’ প্রদান, মতবিনিময় পর্ব, সাহিত্য আড্ডা এবং ফোরামের বিগত কার্যক্রমের সার্বিক পর্যালোচনা। এতে দেশের শীর্ষস্থানীয় আলেম লেখক, কবি-সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক ও প্রকাশকরা উপস্থিত থাকবেন।

কাউন্সিল ও সাধারণ সভা সফল করতে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম। তিনি বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সফল করতে সকল সদস্যের উপস্থিতি কামনা করছি। পাশাপাশি যারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক আমিন ইকবাল বলেন, সারাদেশ থেকে লেখকরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অনুষ্ঠানে যোগ দেবেন। নতুন কমিটি গঠন, গ্রন্থ সম্মাননা ও আড্ডার মধ্য দিয়ে লেখকদের এই মিলনমেলা সফল হবে বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য, তরুণ লেখকদের ঐক্যবদ্ধ করার প্রত্যয় নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত এবং প্রত্যন্ত অঞ্চলের ইসলামি ধারার লেখকদের নিয়ে সংগঠনটি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

Home R3